শেরপুরের নকলায় অভিনব কায়দায় পাচারের সময় ১০৮ বোতল ভারতীয় বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দুপুরে নকলা পৌরসভার গড়েরগাঁও মোড় এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাহ হোসেনের ছেলে পিকআপ চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে গড়েরগাঁও মোড়ে চেকপোস্ট বসায় নকলা থানা পুলিশ। দুপুরে নালিতাবাড়ী থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়। এসময় পিকআপে থাকা কাঠের ভূষির বস্তার ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৬ বোতল রয়েল স্টেগ (Royal Stag), ৪৮ বোতল ম্যাজিক মোমেন্ট (Magic Moments) এবং ২৪ বোতল আইকনিক হোয়াইট (Iconic White)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী ঝিনাইগাতী এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গাজীপুরে নেওয়া হচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নকলা থানা পুলিশ একটি বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছে।”
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:

.jpg)



.jpg)


