সোমবার

১১ মে, ২০২৬ ২৮ বৈশাখ, ১৪৩৩

কোরবানিকে ঘিরে পিরোজপুরে মোবাইল কোর্ট, মেয়াদোত্তীর্ণ পশুর ঔষধ রাখায় জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৯:০৯

শেয়ার

কোরবানিকে ঘিরে পিরোজপুরে মোবাইল কোর্ট, মেয়াদোত্তীর্ণ পশুর ঔষধ রাখায় জরিমানা
ছবি বাংলা এডিশন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলায় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ স্টেরয়েডজাত ঔষধ সংরক্ষণের দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ মে) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয় এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ঔষধ ব্যবহারের প্রবণতা রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী তিনটি দোকান পরিদর্শন করা হয়।

অভিযান চলাকালে একটি দোকানে মেয়াদোত্তীর্ণ স্টেরয়েড ঔষধ সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অন্যান্য দোকানদারদের স্টেরয়েডজাত ঔষধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয় এবং গবাদিপশুর জন্য এ ধরনের ঔষধ বিক্রি ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয় বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোরবানির পশু মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ও নিষিদ্ধ ঔষধ ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close