রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

১৩ মে থেকে বাজারে আসছে চুয়াডাঙ্গার আম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ২২:১১

শেয়ার

১৩ মে থেকে বাজারে আসছে চুয়াডাঙ্গার আম
ছবি বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আগামী ১৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হবে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রিপাক্ষিক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমচাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভার আয়োজন করে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভায় জানানো হয়, এ মৌসুমে জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের আম সংগ্রহ শুরু হবে। ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি (বারি আম-৩), ১৫ জুন থেকে ফজলী, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা, ২২ জুন থেকে ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা (বারি আম-৪), ৫ জুলাই থেকে কার্টিমন এবং গৌড়মতি (বারি আম-১২) জাতের আম সংগ্রহ করা যাবে।

সভায় চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলা কৃষি বিপণনের মাঠ ও বাজার পরিদর্শক শহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ব আম পাড়া যাবে না। এছাড়া আম পাকানো ও সংরক্ষণে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যাবে না। অবৈধ উপায়ে আম পাকানো বা মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ ও ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, নির্ধারিত সূচির বাইরে কেউ অপরিপক্ব আম সংগ্রহ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close