রবিবার

১০ মে, ২০২৬ ২৭ বৈশাখ, ১৪৩৩

চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৩:১৬

শেয়ার

চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট
ছবি সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস-কে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ইসকন নেতা চিন্ময় দাসের বিরুদ্ধে দায়ের হওয়া বাকি চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল সোমবার (১১ মে) দিন ধার্য করেছেন আদালত।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর হত্যা-সহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। পরে গত ৭ মে শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

ওই মামলায় ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার অনুসারীরা মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় চিন্ময় দাসের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হয়।



banner close
banner close