ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ও চোরাচালানের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ফেনীর প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। সীমান্ত এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সকল বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
৪ বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সন্দেহভাজন পয়েন্টগুলোতে নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের সহযোগিতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান, টহল ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








