ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহত মুরসালিন ও নবীর হোসেনের মরদেহ ফেরত দেয় বিএসএফ।
মুরসালিন (২০) কসবা উপজেলার বিষ্ণউরি সীমান্তবর্তী ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে ও নবীর হোসেন কসবার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে ।
বিজিবি জানায়, শুক্রবার (৮মে) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্রায় ১৫জন বাংলাদেশি চোরাকারবারি ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে ফেরার সময় বিএসএফের-৪৯ ব্যাটালিয়নের জওয়ানদের হাতে আটক হয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশি চোরাকারবারিদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
বিজিবি আরো জানায়, ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি ছুঁড়ে। এ সময় মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হয়। পরে বিএসএফ আহত দুইজনকে উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরিফ বিএসএফ’র গুলিতে নিহত ২ বাংলাদেশির মৃতদেহ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








