বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খাঁন বলেছেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার নামে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি চলছে। তিনি অভিযোগ করেন, বর্তমান শ্রমিক আন্দোলনের নেতৃত্বে থাকা অনেকের মধ্যেই নৈতিকতার অভাব রয়েছে।
শনিবার (৯ মে) পিরোজপুর শহরের ডাক দিয়ে যাই মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অধ্যাপক হারুন অর রশিদ খাঁন বলেন, “যতদিন মুসলমানরা শ্রমজীবী মানুষদের ভাই হিসেবে গ্রহণ করতে না পারবে, ততদিন মুসলিম জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়।”
তিনি বলেন, সমাজে এখনও শ্রমজীবী মানুষের প্রতি অবহেলা ও হীন দৃষ্টিভঙ্গি বিদ্যমান। এমনকি ধর্মীয় চর্চার সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষের মধ্যেও এ ধরনের মানসিকতা রয়েছে। এটিকে তিনি “ঈমানের খেলাপ” বলে উল্লেখ করেন।
ইসলামের দৃষ্টিতে শ্রমজীবী মানুষের মর্যাদা অত্যন্ত উচ্চ উল্লেখ করে তিনি বলেন, “রাসূলুল্লাহ (সা.) শ্রমজীবী মানুষ ও অসহায়দের প্রতি বিশেষ ভালোবাসা দেখিয়েছেন। কোরআন-হাদিসে শ্রমজীবী মানুষের মর্যাদার বহু দৃষ্টান্ত রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি এলাকায় শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। “এমন কোনো শ্রমজীবী মানুষ থাকা উচিত নয়, যার কাছে আল-কোরআনের দাওয়াত পৌঁছেনি,” বলেন তিনি।
সম্মেলনে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মশিউর রহমান, জেলা প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, উপদেষ্টা মো. জহিরুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক এবং ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন:








