সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন ব্যবহার করে বালু তোলার কারণে নদীর দুই তীরে ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও বসতবাড়ি।
শনিবার (৯ মে) সরেজমিনে উপজেলার ভাঙ্গাপাড়া ও মাটগাঁও গ্রামের সংলগ্ন নদী এলাকায় গিয়ে দেখা যায়, একাধিক ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে বালু তোলার ফলে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর পাড় ধসে পড়ছে। এতে আশপাশের বাড়িঘর, কৃষিজমি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের নদীভাঙনের আশঙ্কা করছেন তারা।
ভাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই বলেন, “খাসিয়ামারা নদী থেকে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারের বিকট শব্দ ও ধুলাবালির কারণে বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।”
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানায়, ড্রেজার মেশিনের তীব্র শব্দে তারা অতিষ্ঠ। এর প্রভাব তাদের পড়ালেখার ওপর পড়ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “আমরা লিখিত অভিযোগ পাইনি। আপনাদের কাছ থেকে বিষয়টি জানলাম। এসিল্যান্ডকে বলে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








