শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

নেত্রকোনায় আনন্দ বাজারে ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ অপসারণ করে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৫:২৫

শেয়ার

নেত্রকোনায় আনন্দ বাজারে ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ অপসারণ করে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

নেত্রকোণা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং জনদুর্ভোগ কমাতে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ অপসারণ করে সেখানে একটি প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, সাইফুল ইসলাম বাবলু, এনামুল হক, আব্দুর রহমান ও নাজমুল হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, নেত্রকোণা জেলা শহর মূলত একটি প্রধান সড়ককেন্দ্রিক শহর। সাতপাই এলাকার বাসিন্দাদের আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ডে সহজ যাতায়াত নিশ্চিত করতে ১৯৯৩ সালে মগড়া নদীর ওপর ফুটব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু সময়ের সঙ্গে শহরের আয়তন, জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও সেই পুরোনো অবকাঠামোর আর কোনো উন্নয়ন হয়নি।

তাদের দাবি, বর্তমানে ফুটব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে শহরের বাড়তে থাকা যানজট নিরসনে এই স্থানে একটি প্রশস্ত সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে পুরোনো ফুটব্রিজটি অপসারণ করে আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।



banner close
banner close