শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১২:৩৮

শেয়ার

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন যাবৎ শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন এবং সেখানে ইউপিডিএফ প্রসীতের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হলে শুকনোছড়া ‎এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত হেগেরা চাকমার ওপর হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুকনোছড়া এলাকায় হেগেরা চাকমা নামের এক ইউপিডিএফ সদস্যকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলটি দীঘিনালা ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা। সেখানে ইউপিডিএফ-প্রসীত ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দুটি পক্ষেরই তৎপরতা রয়েছে।

‎হত্যাকাণ্ডের বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, নিহত হেগেরা চাকমা তাদের সংগঠনের একজন কর্মী। তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে হত্যার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে (ইউপিডিএফ-প্রসীত) সংগঠনটির নেতাকর্মীরা।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানা যাবে।



banner close
banner close