মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ইটভাটা শ্রমিক সরদারের ওপর হামলা ও এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শ্রমিকের স্ত্রী চায়না (৩৫) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাইমাইল গ্রামের আমিনুর (৩৬) খোলাপাড়া এলাকার কুদ্দুস কোম্পানির ইটভাটায় সরদার হিসেবে কাজ করেন। অভিযোগ অনুযায়ী, পলাশ, দেওয়ান সজিব, সবুজ, তুহিনসহ আরও অজ্ঞাত ৫-৬ জন দীর্ঘদিন ধরে আমিনুরের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ৫ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রমিকদের বিল পরিশোধের জন্য এক লাখ টাকা নিয়ে সহকর্মী বিপ্লবকে সঙ্গে করে মোটরসাইকেলে বাইমাইল ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে। এ সময় পুনরায় চাঁদা দাবি করা হলে আমিনুর তা দিতে অস্বীকৃতি জানান।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে বিপ্লবকে মারধর করা হলে তিনি লোকজন ডাকতে ঘটনাস্থল থেকে দৌড়ে যান। পরে প্রধান অভিযুক্ত পলাশের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আমিনুরের মাথায় কোপ দিলে তার বাম কানের ওপরে গুরুতর জখম হয়। এরপর হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় আমিনুরের কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত আমিনুরকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় অভিযুক্ত পলাশ বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটে নেই। তার উপর মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে।
এ বিষয়ে সিংগাইর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








