ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুরসালিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই এলাকার হেবজু মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার গভীর রাতে একদল ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হলে দায়িত্বরত সদস্যরা জানান, ঘটনাটি সম্পর্কে তারা এখন পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগ পাননি।
আরও পড়ুন:








