শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৮:২১

শেয়ার

কামারখন্দে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা উদ্ধার
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে আমতলা মোড় এলাকা থেকে হালুয়াকান্দি নয়াপাড়া গ্রামের সুজন প্রামাণিককে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে ধানাধীন কৃষ্ণদিয়ার এলাকা থেকে আব্দুল আলিম, সেলিম প্রামাণিক, সোহেল আকন্দ এবং জামতৈল মধ্যপাড়া গ্রামের শাহিন প্রামাণিককে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে কামারখন্দ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার রেল কলোনি এলাকার শাকিল নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close