শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

সিলেটের বিনোদন কেন্দ্রগুলোকে পর্যটনবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৬ ১৫:১৯

শেয়ার

সিলেটের বিনোদন কেন্দ্রগুলোকে পর্যটনবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

সিলেটের পর্যটন ও বিনোদন খাতকে আরও আধুনিক, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শুক্রবার সকালে সিলেট বিমানবন্দরের পার্শ্ববর্তী জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় মন্ত্রী পার্কের সার্বিক পরিবেশ, চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পার্কের উন্নয়ন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে সরকার কাজ করছে।

তিনি বলেন, “পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সিলেটের বিভিন্ন বিনোদন কেন্দ্র আধুনিকায়ন করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করা সম্ভব হবে।”

মন্ত্রী আরও বলেন, জেলা পরিষদের ন্যাচারাল পার্ককে একটি আধুনিক ও নান্দনিক বিনোদনকেন্দ্রে রূপান্তরের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা পরিষদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পার্কের সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টদের মতে, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন হলে এ অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান এবং পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে।



banner close
banner close