ভারত থেকে সম্ভাব্য ‘পুশ ইন’ ঠেকাতে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি)। একইসঙ্গে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুষ্কৃতকারীরা যাতে নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী ও অপরাধমূলক লকর্মকাণ্ড সংঘটনের পর বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অতিরিক্ত নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। মহানন্দা ব্যাটেলিয়ান তথা ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের স্থিতিশীলতা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির জয় লাভের পর থেকে সেখানে মুসলিমদের বাড়িঘর, মসজিদে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।
আরও পড়ুন:








