চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালায়।
এ সময় পার্কিংয়ে থাকা ভারতীয় ট্রাক (WB65-D-8924) তল্লাশি করে পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২০ বস্তা নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে ৩ হাজার ৮৯৭ বোতল Eskuf DX সিরাপ ও ২ হাজার ৩৮ বোতল Fairdyl সিরাপসহ মোট ৫ হাজার ৯৩৫ বোতল সিরাপ জব্দ করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকচালক উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পরিবহনের দায়ে পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#
আরও পড়ুন:








