সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খামারগাঁতী এলাকায় অবস্থিত ‘মেসার্স লামিয়া হাই চয়েস ব্রিক্স’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষিজমির ওপর গড়ে ওঠা ওই ইটভাটার তীব্র তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে এলাকার প্রায় ৪৩ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন সবজি ক্ষেত, ফলদ ও বনজ গাছপালাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত ৭২ জন কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বক্তারা বলেন, ইটভাটাটির কারণে এলাকায় পরিবেশ দূষণ বেড়ে গেছে। ভাটার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে।
মানববন্ধনে উপস্থিত রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী ভুক্তভোগীদের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
খামারগাঁতী গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। কৃষকদের ফসল পুড়ে শেষ হয়ে গেছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
মানববন্ধন থেকে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
আরও পড়ুন:








