বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ০৯:২৬

শেয়ার

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
ছবি সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোরে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইসলামপুর এলাকায় একটি স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা অভিযোগ করেন, সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফের প্রসীত গ্রুপের সদস্যরা ইমন হোসেনকে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।



banner close
banner close