পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন ও যাতায়াতের ভোগান্তি কমাতে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর তীরে এই সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
সংসদ সদস্য জানান, সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। নৌযানটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম যেমন অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচারসহ জরুরি সেবার উপকরণ রাখা হয়েছে। দ্রুত যাতায়াতের উপযোগী মাঝারি আকারের এই নৌকাটি জরুরি রোগী পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, এতদিন চরাঞ্চলে নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে অনেকেই বিপাকে পড়তেন। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই কষ্ট অনেকটাই কমবে বলে আশা করছেন তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। এছাড়া নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#
আরও পড়ুন:


.jpg)





