বুধবার

৬ মে, ২০২৬ ২৩ বৈশাখ, ১৪৩৩

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ২২:১৬

শেয়ার

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবারও গুলির অভিযোগ
প্রতীকী ছবি

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে গুলি করার পর ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালানোর অভিযোগ উঠেছে। সোমবার নগরীর লবণচরা থানার কোবা মসজিদ এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে যান এবং সেখানে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় অ্যাম্বুলেন্সটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।

রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। তার পেটে একটি গুলি বিদ্ধ হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হতে পারে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ একজনকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে গুলি চালানোর অভিযোগ তারা শুনেছেন। পরে নিরাপত্তা চাওয়ায় পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে এগিয়ে দেওয়া হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ জানান, রাজুর ওপর গুলির সুনির্দিষ্ট সময় ও স্থান এখনও নিশ্চিত নয়। রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়। তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরায় গুলির ঘটনার বিষয়ে তারা অবগত। তবে অ্যাম্বুলেন্সে গুলির অভিযোগ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।



banner close
banner close