পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান (২০) রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে অনৈতিক আচরণ করেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত এবং তার বাড়ি উপজেলার জুগিরহাওলা গ্রামে।
অভিযুক্ত শিক্ষক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি গত ২৮ এপ্রিল ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন।
পরিবারের অভিযোগ, ঘটনার পর শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় যাতে সে বিষয়টি প্রকাশ না করে। তবে সকালে বাড়ি ফিরে সে পরিবারের কাছে ঘটনাটি জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগীর মা বলেন, নিরাপদ ভেবে ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলেন, কিন্তু সেখানে এমন ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার পর তাকে ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল।
এদিকে শিক্ষক আটকের পর স্থানীয়রা মাদ্রাসা এলাকায় মানববন্ধন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাসও দেন।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। ভুক্তভোগী ও তার পরিবারকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:








