জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ শুরু হয়েছে। একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে এই অপসারণ কার্যক্রম শুরু হয়।
গত রোববার (৩ মে) একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে "চাঁপাইনবাবগঞ্জে ৩০ বছরের বর্জ্যস্তুপে জনদুর্ভোগ; অপসারণে নেই কার্যকর উদ্যোগ" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপরই বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের দৃষ্টিগোচর হয় এবং তিনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তাঁর নির্দেশে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন ও ইউপি সদস্যরা যৌথভাবে ময়লার স্তুপ অপসারণ কাজ পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে এই বর্জ্যস্তুপ এলাকাবাসীর জন্য তীব্র দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে আসছিল। বিশেষত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে ভুগছিলেন।
মনাকষা ইউপি চেয়ারম্যান জানান, বাজার এলাকায় খাস জমির সংকট এবং হাট ইজারাদারদের অসচেতনতার কারণে বারবার এই স্থানে ময়লা জমে যায়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, ভবিষ্যতে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিবগঞ্জ উপজেলার রানীহাট্টা বাজারের জেন্টু মিয়ার মার্কেটসহ বিভিন্ন স্থানের ময়লার স্তুপ পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলেও তিনি জানান।
এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন:








