ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার একই এলাকার দিনু মিয়ার স্ত্রী।
ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী ব্যবসার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে বাবার বাড়ি থেকে টাকা আনতে না পারায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গাল ও হাতে আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে শাশুড়ির সহযোগিতায় তার মাথার চুল কেটে দেওয়া হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








