টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একাধিক মাদক বিক্রয় কক্ষ সিলগালা করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টঙ্গীর হাজী মাজার বস্তি, কেরানীর টেকসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এদিন সকাল থেকে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় দুই কেজি গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে বস্তির ভেতরে একাধিক শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষের সন্ধান পায় পুলিশ। এসব কক্ষের সঙ্গে সংযুক্ত গোপন সুরঙ্গপথও পাওয়া যায়। বাইরে থেকে তালাবদ্ধ কক্ষগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাদক ও মাদক সেবনের আলামত জব্দ করা হয়। পুলিশের ধারণা, এসব স্থানে প্রভাবশালী ব্যক্তিরা এসে মাদক সেবন করতেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, তাদের থানা পুলিশের অভিযানে ৩৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তাদের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দ মিজানুল হক দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদক নির্মূলে জোরালো অভিযান চলছে। মাদক বিক্রয়কেন্দ্রগুলো সিলগালা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








