শনিবার

২৭ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি: টাঙ্গাইলে মেলা ঘিরে বিতর্ক, ক্ষোভ স্থানীয়দের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৭:২৪

শেয়ার

বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি: টাঙ্গাইলে মেলা ঘিরে বিতর্ক, ক্ষোভ স্থানীয়দের
ছবি সংগৃহীত

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্থাপিত সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে দড়ি ও বাঁশ বেঁধে অবমাননার অভিযোগ উঠেছে। বিসিক শিল্প ও উদ্যোক্তা মেলার স্টল নির্মাণের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্টল তৈরির কাজে ব্যবহৃত দড়ি ও বাঁশ ভাস্কর্যের গলাসহ বিভিন্ন অংশে বাঁধা রয়েছে, যা অনেকেই জাতীয় বীরদের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন।

ঘটনাটি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নজরে এলে তিনি দ্রুত জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে রোববার (৩ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ভাস্কর্য থেকে দড়ি সরিয়ে ফেলেন।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, স্বাধীনতার এত বছর পর জেলা শহরের গুরুত্বপূর্ণ একটি স্থানে বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতার ফলেই এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন।

বাংলাদেশ পরিবার পরিকল্পনা কেন্দ্রীয় সমিতির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভাস্কর্যের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।

স্থানীয় শিক্ষক আহসান হাবীব বলেন, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর দায় প্রশাসনকে নিতে হবে।

অভিযোগের বিষয়ে স্টল মালিক শাওন জানান, গত ২৩ তারিখে তাদের স্টলের কাজ সম্পন্ন হয়। পরে বৃষ্টির কারণে স্টলের ওপর ত্রিপল দেওয়া হয়। তবে সেই ত্রিপলের দড়ি কে বা কারা ভাস্কর্যের সঙ্গে বেঁধেছে, তা তাদের জানা নেই। শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এ বিষয়ে কিছু স্বীকার করেননি।

এ ঘটনায় বিসিক শিল্পনগরীর সহকারী ব্যবস্থাপক কর্মকর্তা শাহনাজ বেগম কোনো মন্তব্য করতে রাজি হননি।



আরও পড়ুন:

banner close
banner close