শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

রূপগঞ্জে পলাতক আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, আটক ১৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১৬:১৫

শেয়ার

রূপগঞ্জে পলাতক আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, আটক ১৩
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে শামীম মিয়া,গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

সোমবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া শামীম মিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং চনপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শামীম মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

পরে শামীমের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে ঘিরে ফেলে এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নিয়ে যায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরবর্তীতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, অভিযানের সময় সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close