শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

ভোলায় লঞ্চে অভিযান: অস্ত্র-গুলি ও গাঁজাসহ ‘কুখ্যাত’ সন্ত্রাসী জাকির আটক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১২:৪৫

শেয়ার

ভোলায় লঞ্চে অভিযান: অস্ত্র-গুলি ও গাঁজাসহ ‘কুখ্যাত’ সন্ত্রাসী জাকির আটক
ছবি: সংগৃহীত

ভোলার ইলিশা এলাকায় যাত্রীবাহী লঞ্চে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও গাঁজাসহ এক ‘কুখ্যাত’ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা ও একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চে করে অস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় লঞ্চটিতে অভিযান চালায়।

অভিযানকালে লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ জাকির হোসেনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ভোলা সদর থানার কোরালিয়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. সিদ্দিক ফরাজী।

আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

এছাড়াও স্থানীয় সুত্র জানায় এই জাকির ভোলা-২ আসনের সরকার দলীয় এমপি হাফিজ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ও তার ক্যাডার হিসেবে এলাকায় বেশ খ্যাতি রয়েছে।

এদিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close