চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রায় ৮ কোটি ৩৫ লাখ ৫৩ হাজার টাকার ব্যয়ে একটি ব্রীজ ও তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্রীজ ও সড়কগুলোর বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণ ভোগান্তিতে ছিলেন। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষের চলাচল সহজ হবে এবং দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
জীবননগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রায় ৪ কোটি ৮১ লাখ টাকায় ৩১.৬০ মিটার দৈর্ঘ্যের বালিহুদা জোড়া ব্রীজ, ১ কোটি ৪৮ লাখ টাকায় মিনহাজপুরহাট-বৈদ্যনাথপুর সড়ক (২,৭৫০ মিটার), ১ কোটি ৩৮ লাখ টাকায় রায়পুরবাজার-সাফদারপুর সড়ক (১,৯৯০ মিটার) এবং ৬৬ লাখ টাকায় খয়েরহুদাহাট-পিয়ারাতলা আরএন্ডএইচ সড়ক (৩,৬০০ মিটার) উন্নয়ন কাজ।
উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম জানান, ব্রীজটির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তবে অন্যান্য সড়কের কাজ এখনও চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোলায়মান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহফুজুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন:








