সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

চিরকুটে অভিযোগ: রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রশ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১৯:১৪

শেয়ার

চিরকুটে অভিযোগ: রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে প্রশ্ন
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির শিক্ষার্থী আন্নিছা মুনিয়া খাতুনের মৃত্যু ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। শুক্রবার ১ মে সন্ধ্যায় নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার কয়েক দিন পর একটি হাতে লেখা চিরকুট উদ্ধার হওয়ায় আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ সামনে আসে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে সোমবার ৪ মে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিহত আন্নিছা মুনিয়া খাতুন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে মুনিয়া উল্লেখ করেন যে তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি; বরং ভয়ভীতি ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন। চিরকুটে একটি মোবাইল নম্বর উল্লেখ করে একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলেও তারা জানান।

ঘটনার প্রতিবাদে সোমবার সকালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। অংশগ্রহণকারীরা এটিকে পরিকল্পিতভাবে একজন কিশোরীকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে চিরকুট উদ্ধার হওয়ার পর বিষয়টি নতুন মোড় নেয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পরিবার লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি তদন্তে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চিরকুটের অভিযোগ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে তদন্তের অগ্রগতি এখন পর্যবেক্ষণে রয়েছে।



banner close
banner close