গাজীপুরের টঙ্গী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে পরিচালিত এ অভিযানে একটি শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষের সন্ধান পাওয়া যায়, যার সঙ্গে একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ যুক্ত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী মাজার বস্তিতে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাতভর অভিযান চালানো হয়। এ সময় ৩১ জনকে মাদক সংক্রান্ত অভিযোগে এবং অন্যান্য অপরাধে আরও ৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে বস্তির ভেতরে একটি শীতাতপনিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষ খুঁজে পায় পুলিশ। ওই কক্ষ থেকে মাদক সেবনের আলামত জব্দ করা হয়। একইসঙ্গে কক্ষটির সঙ্গে সংযুক্ত একটি সুড়ঙ্গপথেরও সন্ধান মেলে, যা নিরাপদ যাতায়াত বা পালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের দাবি, এই কক্ষে নিয়মিত মাদক সেবন করা হতো।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ৩৭ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, টঙ্গীতে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন:








