সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দত্তকুষা উত্তরপাড়া এলাকায় গতকাল শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে র্যাব-১২ এর অভিযানে মাদক পরিবহনকালে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল অধিনায়কের নির্দেশনায় সলঙ্গা থানাধীন দত্তকুষা (উত্তরপাড়া) গ্রামের মোঃ মেহেদী হাসানের বসতবাড়ির পূর্ব পাশের ফাঁকা জায়গায় এ অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য বহনকারী চারজনকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা মোঃ সোহেল রানা (২৮), মোঃ সেলিম (২৯), মোঃ সাওন আলী (২৮) ও মোঃ সবুর আলী (২৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে নেশাজাতীয় ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ সংগ্রহ করে মোটরসাইকেলে করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
ঘটনাস্থল থেকে জব্দকৃত মাদক ও মোটরসাইকেলগুলো তাদের মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ (৪ মে) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের মাদক উদ্ধার অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








