রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ২২:০৯

শেয়ার

ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা
ছবি সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা করে ডাকযোগে নোটিশ পাঠাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির না হলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে রাজধানীর সড়কে চলাচলরত ট্রাফিক আইন লঙ্ঘনকারী মালিক বা চালকদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে মামলা করা হচ্ছে। এরপর অভিযুক্তদের ঠিকানায় ডাকযোগে নোটিশ পাঠানো হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নোটিশ পাওয়ার পর মালিক বা চালককে ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত সময়ে হাজির না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, যা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা সংক্রান্ত জরিমানা পরিশোধের ক্ষেত্রে কোনো অননুমোদিত আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে।

একই সঙ্গে কোনো ব্যক্তি বা চক্র যদি সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মামলার নাম ব্যবহার করে অর্থ দাবি করে, সে বিষয়ে নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে জানাতে চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।



banner close
banner close