রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

৫০০ টাকার বিরোধে বৃদ্ধা হত্যা: ময়মনসিংহে রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ২০:২৯

শেয়ার

৫০০ টাকার বিরোধে বৃদ্ধা হত্যা: ময়মনসিংহে রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ময়মনসিংহের কোতোয়ালী থানার মীরকান্দাপাড়া এলাকায় ২৮ জানুয়ারি রাতে নূরজাহান নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় ৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি মোঃ রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে আসামিকে শনাক্ত করে ২ মে ভোরে শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পিবিআই ও মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি রাতে নিজ বাড়িতেই নূরজাহানকে হত্যা করা হয়। দুই দিন পর, ৩০ জানুয়ারি রাতে তার রান্নাঘরের পাশে খড়ের নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রনি মিয়া পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। তিনি নিহতকে পারিবারিক সম্পর্কের মতো করে নানী বলে সম্বোধন করতেন এবং মাঝেমধ্যে তার প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে অবস্থান করতেন। এসব অবস্থানকালীন ভাড়া হিসেবে তিনি অর্থ প্রদান করতেন বলে তদন্তে উঠে আসে।

ঘটনার দিন ৫০০ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধ থেকেই বাকবিতণ্ডা ও পরবর্তীতে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে তদন্তে নিশ্চিত হয় পিবিআই। ঘটনার পর নিহতের ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ মামলার তদন্ত প্রথমে কোতোয়ালী থানা পুলিশ পরিচালনা করলেও পরবর্তীতে পিবিআই ময়মনসিংহ জেলা তদন্তভার গ্রহণ করে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এসআই অভিতাভ দাস।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, একটি সামান্য আর্থিক বিরোধ থেকে সংঘটিত এ হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।



banner close
banner close