রবিবার

৩ মে, ২০২৬ ২০ বৈশাখ, ১৪৩৩

শাহজাহানপুরে স্যান্ডেলের ভেতরে লুকানো ১,৫০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি বগুড়া

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১৯:২৬

শেয়ার

শাহজাহানপুরে স্যান্ডেলের ভেতরে লুকানো ১,৫০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত

বগুড়ার শাহজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩ মে) বিকেলে ডিএনসির বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহজাহানপুর থানার নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের এইচ-৪ নম্বর সিটে টিকিটবিহীন অবস্থায় থাকা ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশিতে তার পরিহিত স্যান্ডেলের সোলের ভেতর থেকে দুটি পলিপ্যাকেটে রাখা ৭৫০ পিস করে মোট ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ব্যবহৃত স্যান্ডেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহজাহানপুর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক মো. সামসুল আলম।

ডিএনসির উপপরিচালক জিললুর রহমান বলেন, এ চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



banner close
banner close