নীলফামারীর কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল ও দায়িত্ব অবহেলা করার দায়ে তিনজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলেন- মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ ও তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।
এ ঘটনায় আটক দুইজন হলেন- উপজেলার মাগুড়া ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে শাকিল মিয়া, জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম।
জানা যায়, আজকে এসএসসি ও দাখিল পরীক্ষার মাদরাসা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষা কক্ষে ওই শিক্ষার্থীকে জানালা দিয়ে দুইজন ব্যক্তি নকল সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সেই দুইজনকে আটক করেন। পরে নকল করার দায়ে এক শিক্ষার্থী ও দায়িত্বে অবহেলার দায়ে তিনজনকে শিক্ষককে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, পরীক্ষায় নকল করার দায়ে একজন শিক্ষার্থীকে ও তিনজন শিক্ষককে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার ও তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নকল সরবরাহকারী দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:








