ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ড্রেনের ওপর পড়ে থাকা অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত স্থানে নবজাতকের নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ব্যক্তি নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে। তবে কীভাবে এবং কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত স্থান থেকে নবজাতকের মৃতদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:








