সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি ইটের রাস্তা উদ্বোধনের মাত্র চারদিন পরই তা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গ্রামের কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা নির্মাণ করা হয়। গত ২৭ এপ্রিল সদ্য বিদায়ী ইউএনও মাশফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, থানার ওসি মো. সাইফুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তাটির উদ্বোধন করা হয়।
কিন্তু ২ মে বিকেলে সাবেক ইউপি সদস্য ও গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে একদল লোক ওই রাস্তার সব ইট তুলে নেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
গাড়াদহ ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলী খাতুন বলেন, কয়েকটি পরিবারের চলাচলের সুবিধায় রাস্তাটি করা হয়েছিল। কিন্তু চারদিন পরই আফসার আলীর নেতৃত্বে ইট তুলে নেওয়া হয়, ফলে স্থানীয়রা আবারও দুর্ভোগে পড়েছেন।
এ বিষয়ে সদ্য যোগদান করা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আফসার আলী দাবি করেন, রাস্তাটি একটি কলেজের জমির ওপর নির্মিত হয়েছে। তাই জায়গা দখলমুক্ত করতে ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার চলাচল করত। পরে এক পক্ষ বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দিলে পরিবারগুলো প্রায় ২০ দিন অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি সমাধানে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে সেখানে রাস্তা নির্মাণ করেছিল।
আরও পড়ুন:








