বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুই অভিযানে মোট ৬৮৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) ও শনিবার (২ মে) জেলার সদর থানাধীন পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের খানজাহান আলী মাজার মোড় এলাকায় একটি যাত্রীবাহী কোচে অভিযান চালানো হয়। পার্বতী ট্রাভেলস লিমিটেডের বাসটি তল্লাশি করে তেলের ট্যাংকের পেছন থেকে ৪৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিউল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি এলাকার বাসিন্দা।
এর আগে, শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে বাগেরহাট সদর থানার বিআরটিএ অফিসের সামনে মহাসড়কের উত্তর পাশে অভিযান চালিয়ে আরও ২০০০ পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার রাজেশ্বর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার ও পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








