শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

কামারখন্দ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি রাজ, সম্পাদক রিপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৬ ০৪:০০

আপডেট: ২ মে, ২০২৬ ১৮:৩১

শেয়ার

কামারখন্দ প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি রাজ, সম্পাদক রিপন
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২ মে) দুপুরে প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে দেশ টিভি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে ‘আমার দেশ’ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক পদে তরঙ্গ নিউজের প্রতিনিধি ওমর ফারুক অংশ নেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসলিম হাসান। সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী ১৬ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম শেষ হয়। ১৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয় এবং ২১ এপ্রিল ছিল প্রত্যাহারের শেষ দিন। ওই দিন চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে নির্ধারিত তারিখে শুধু নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



banner close
banner close