দীর্ঘ প্রবাস জীবনের ক্লান্তি শেষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিলেন মো. আনু বিশ্বাস। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই আকস্মিক মৃত্যুতে নিভে গেল তার জীবনপ্রদীপ।
বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি। রাতেই নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া এলাকায় পৌঁছান। তবে শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত আনু বিশ্বাস ওই এলাকার কাদের বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে কুরবানির ঈদ উদযাপন করার ইচ্ছা ছিল তার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর রাতেই বাড়িতে পৌঁছান আনু। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
আনুর স্ত্রী তন্নী খাতুন বলেন, পরিবারের ভাগ্য বদলাতে অনেক কষ্ট করে বিদেশে গিয়েছিলেন আমার স্বামী। দেশে ফিরে এমনভাবে চলে যাবেন, তা ভাবতেই পারছি না। এখন আমরা একেবারেই অসহায়।
নিহতের ভাই আলমীর বিশ্বাস বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেই ভাইকে হারালাম। শ্রমিক দিবসেই তার মৃত্যু এটা আমাদের জন্য আরও বেদনাদায়ক।
আনু বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার বাড়িতে ভিড় করছেন শেষ বিদায় জানাতে।
আরও পড়ুন:








