শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

রাতে দেশে ফেরা প্রবাসীর সকালেই মৃত্যু, শোকে স্তব্ধ মাগুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১৫:০১

শেয়ার

রাতে দেশে ফেরা প্রবাসীর সকালেই মৃত্যু, শোকে স্তব্ধ মাগুরা
ছবি সংগৃহীত

মালয়েশিয়া থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই মারা গেছেন প্রবাসী শ্রমিক মো. আনু বিশ্বাস (৪০)। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাতে দেশে ফিরে নিজ বাড়িতে পৌঁছানোর পর শুক্রবার ১ মে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আনু বিশ্বাস দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটি নিয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে আসন্ন কুরবানির ঈদ উদযাপনের পরিকল্পনা ছিল তার।

বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতে পৌঁছানোর পর তিনি স্বাভাবিক ছিলেন বলে জানান স্বজনরা। তবে শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তন্নী খাতুন জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘদিন প্রবাসে কষ্ট করেছেন তার স্বামী। দেশে ফিরে স্বাভাবিক জীবন শুরু করার আগেই তার মৃত্যু পরিবারটিকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

নিহতের ভাই আলমীর বিশ্বাস বলেন, দীর্ঘদিন পর দেশে ফেরার পরদিনই ভাইকে হারানোর ঘটনা তাদের জন্য গভীর শোকের। শ্রমিক দিবসেই তার মৃত্যু হওয়ায় বেদনা আরও বাড়িয়েছে।

আনু বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তার বাড়িতে ভিড় করছেন শেষ বিদায় জানাতে।



banner close
banner close