বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ তাদের দাবি আদায়ে অতীতের মতো আবারও রাজপথে নামবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি সনদ তৈরি হয়েছে, যেখানে জাতির গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলো অন্তর্ভুক্ত ছিল। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সেই সনদের পক্ষে সমর্থন দিয়েছে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছে।
শনিবার দুপুরে পিরোজপুরে জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে শহরের ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভার শূরা কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা—জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোও এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এখন যদি সেই সনদ বাস্তবায়ন না হয়, তবে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে।
মুয়াযযম হোসাইন হেলাল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ে আবারও আন্দোলনের পথে নামবে।
পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার শূরা কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:








