শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১১:১৯

শেয়ার

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন বাবর আলী
ছবি সংগৃহীত

বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। ৮ হাজার মিটারের ওপরে কোনো পর্বতে এটি প্রথম বাংলাদেশির সফল আরোহণ হিসেবে নতুন ইতিহাস গড়ল।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শিখরে পৌঁছে লাল-সবুজ পতাকা উত্তোলন করেন।

অভিযানটির নাম ছিল এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার, যার আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। ক্লাবটির সভাপতি ফরহান জামান নেপালের পর্বত অভিযাত্রী সংস্থা ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর বরাতে বিষয়টি নিশ্চিত করেন।

এই অভিযানে বাবর আলীর সহযাত্রী ছিলেন আং কামি শেরপা। স্থানীয়দের কাছে মাকালু ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত।

অভিযান সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল ঢাকা ছাড়েন বাবর আলী। ৯ এপ্রিল থেকে শুরু হয় মূল যাত্রা, আর ১৮ এপ্রিল তিনি পৌঁছান মাকালু বেসক্যাম্পে। উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে তিনি পর্যায়ক্রমে ক্যাম্প-১ এবং ক্যাম্প-২ (৭০০০ মিটার) পর্যন্ত ওঠার পর আবার বেসক্যাম্পে ফিরে আসেন।

গত ৩০ এপ্রিল চূড়ান্ত আরোহণ শুরু হয়। পরদিন তিনি ক্যাম্প-৩ (৭৪০০ মিটার) পৌঁছান। এরপর ১ মে মধ্যরাতে শুরু হয় শীর্ষে ওঠার শেষ ধাপ। টানা ১১০০ মিটারেরও বেশি খাড়া ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে অবশেষে ভোরে তিনি শৃঙ্গ স্পর্শ করেন।

এর আগে বাবর আলী বিশ্বের ১৪টি আট হাজারি শৃঙ্গের অভিযানে অংশ নিয়ে পাঁচটিতে সফল হন। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে, যা তিনি ২০২৪ সালে একই অভিযানে জয় করেন। ২০২৫ সালের এপ্রিলে তিনি অন্নপূর্ণা-১ জয় করেন এবং সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু জয় করেন।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামান জানান, বাবর আলী বর্তমানে ক্যাম্প-২-এ অবস্থান করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল রোববার (৩ মে) তিনি বেসক্যাম্পে নেমে আসবেন।

পেশায় চিকিৎসক বাবর আলী ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। এই অভিযানে তার পৃষ্ঠপোষকতা করেছে ভিজুয়াল নেটওয়ার্কস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমান্স গ্রোসারিজ।



banner close
banner close