নীলফামারীতে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির পক্ষ থেকে ৩৩ জন সীমান্তবর্তী এলাকার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় জেলার ডোমারের চিলাহাটি কেতকীবাড়ি বিওপি ক্যাম্পে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক মো. আব্দুল হক, চিলাহাটি বালাপাড়া কোম্পানী কমান্ডার মো. জাহাঙ্গীর আলম, কেতকীবাড়ি বিওপির হাবিলদার মোহাম্মদ আলী সহ আরও অনেকে।
প্রধান অতিথি জানান, দেশের সীমান্ত যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্তবর্তী এলাকার মানুষও বিজিবির কাছে গুরুত্বপূর্ণ। তাদের সুখ-দুঃখে পাশে থাকা বিজিবির দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক সহযোগিতা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার ও শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বিজিবি এ ধরণের উদ্যোগ গ্রহণ করছে। তিনি মনে করেন, সীমান্তবর্তী এলাকায় শিক্ষার প্রসারের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা সম্ভব। বিশেষ করে এতিম শিক্ষার্থীরা যারা, এ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে প্রায়শই তাদের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতার মাধ্যমে এর সূচনা একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এতে শিশুদের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার এবং শিক্ষার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।
এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে বঞ্চিত হয়। বিজিবির এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
কর্মসূচীতে ৩৩ জন সীমান্তবর্তী এলাকার এতিমখানার মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী চাউল, আটা, তৈল চিনি, ডাল এবং শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল, স্কেল বিতরণ করা হয়।
আরও পড়ুন:








