নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছেন ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি অথবা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আদমজী স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন:








