শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

ঋণ মামলায় গ্রেপ্তার গৃহবধূ জান্নাতির জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৯:১৯

শেয়ার

ঋণ মামলায় গ্রেপ্তার গৃহবধূ জান্নাতির জামিন
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দেড় বছরের শিশু সন্তানসহ গ্রেপ্তার হওয়া মোছা. জান্নাতি খাতুন (২৫) জামিন পেয়েছেন। শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তার জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি জানান, এনআই অ্যাক্টের একটি মামলায় তাড়াশ থানা পুলিশ জান্নাতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

জান্নাতি খাতুন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেড় বছরের শিশু সন্তানকেও সঙ্গে নেওয়া হয়।

পুলিশ জানায়, নাটোরের একটি আদালতে দায়ের করা মামলায় জান্নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংস্থা (টিএমএসএস)-এর একটি শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির শর্ত অনুযায়ী তিনি ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি জান্নাতির নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নেওয়া হয়।

পরে আব্দুর রাজ্জাক চাকরি ছেড়ে দিলে ঋণের কিস্তি পরিশোধে অনিয়ম হয়। তার দাবি, ৫০ হাজার টাকার মধ্যে প্রায় ২৫ হাজার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং চাকরির জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল। তবে এনজিও কর্তৃপক্ষ তা না করে জান্নাতির বিরুদ্ধে মামলা করে।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী জান্নাতিকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই ধরনের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূ ঋণের টাকা পরিশোধ করতে না পারায় কারাগারে যেতে বাধ্য হয়েছিলেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।



banner close
banner close