শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১৮:২৬

শেয়ার

জাতীয় গণমাধ্যম সপ্তাহে রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
ছবি বাংলা এডিশন

জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। শুক্রবার (১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শোভাযাত্রায় বক্তারা বলেন, গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী শোভাযাত্রায় এসব কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

বক্তারা বলেন, দেশে পুরোনো ধাঁচের সাংবাদিকতা দিয়ে আর এগোনো সম্ভব নয়। গণমাধ্যমকে আধুনিক ও দায়িত্বশীল করতে নতুন আইন প্রণয়ন জরুরি। একই সঙ্গে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তোলা এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

তারা আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশন বন্ধ করতে হবে, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিকদের তালিকা প্রণয়নের যে উদ্যোগের কথা বলা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

বক্তারা অভিযোগ করেন, অতীতে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে নানা আইন প্রণয়ন করা হলেও সেগুলোর মাধ্যমে কণ্ঠরোধের চেষ্টা হয়েছে। বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে সাংবাদিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শোভাযাত্রায় বক্তব্য দেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব অশোক ধর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার নেত্রী ফাতেমা আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ফরিদপুরে বালুদস্যুদের হামলায় আহত সাংবাদিক সাজ্জাদ ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে শোভাযাত্রায় অংশ নেন। হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সংগঠনের পক্ষ থেকে তাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর ইমন বক্তব্যে সপ্তাহটির তাৎপর্য তুলে ধরেন।

১ থেকে ৭ মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ, সাংবাদিক প্রশিক্ষণ, ‘মিট দ্য প্রেস’, প্রীতি ফুটবল ম্যাচ এবং ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি সমাবেশ। দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মাধ্যমে সপ্তাহটি পালন করছেন।



banner close
banner close