শুক্রবার

১ মে, ২০২৬ ১৮ বৈশাখ, ১৪৩৩

মে দিবসে প্রেসক্লাব এলাকায় বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ, পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৬ ১১:৫০

শেয়ার

মে দিবসে প্রেসক্লাব এলাকায় বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ, পাঁচ দফা দাবি
ছবি বাংলা এডিশন

মহান মে দিবস উপলক্ষে পাঁচ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সিগারেট ও বিড়ির অগ্রিম আয়করের বৈষম্য দূর করা, বিড়ি শ্রমিকদের রেশন সুবিধা চালু করা এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। তারা দাবি করেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং অর্থনীতির ভিত গঠনে তারাই মূল চালিকাশক্তি। বিড়ি শিল্পকে তারা কুটির শিল্প হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে এই খাতে হাজারো শ্রমিক জীবিকা নির্বাহ করছেন।

তাদের অভিযোগ, অতীতে নীতিগত পরিবর্তন ও উচ্চ শুল্কের কারণে বিড়ি শিল্প চাপে পড়েছে এবং অনেক মালিক কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। বক্তারা বলেন, এ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে শুল্ক বৃদ্ধি না করে বরং শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি।

সমাবেশে আরও বলা হয়, দেশে প্রায় ১৮ লাখ শ্রমিক বিড়ি শিল্পে যুক্ত। তাদের জন্য রেশন সুবিধা চালু না থাকায় জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের পার্থক্য তুলে ধরে তা সমান করার দাবি জানানো হয়।

এছাড়া নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত উৎপাদকরা ক্ষতির মুখে পড়ছেন।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. লুতফর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সহকারী সম্পাদক আবুল হাসনাত লাবলু ও সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।



banner close
banner close