রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা চার দিনের থেমে থেমে বৃষ্টিতে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। কোনো কোনো সবজির দাম ১০০ টাকার ঘরও ছাড়িয়েছে। ফলে স্থির আয়ের মানুষের দৈনন্দিন ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুনের দাম আরও বেশি, ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় উঠেছে। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি (চারটি) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
সবজির পাশাপাশি মুরগির বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, বৃষ্টির মধ্যেই বাধ্য হয়ে বাজারে আসতে হচ্ছে, কিন্তু সবজির লাগামহীন দামে তাদের বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে। এক ক্রেতা বলেন, এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা খরচ হয়েছে। এভাবে দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। পাশাপাশি মৌসুমের বাইরে থাকা কিছু সবজির দামও স্বাভাবিকভাবেই বেশি রয়েছে।
আরও পড়ুন:








