রাজধানী ঢাকায় শুক্রবার (১ মে) ভোর থেকে টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর ৫টার কিছু পর শুরু হওয়া অঝোর বৃষ্টি সকাল ৭টার আগে পর্যন্ত স্থায়ী হয়, ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়।
গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডির রবীন্দ্র সরোবর-সংলগ্ন সড়ক, জিগাতলা, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার এবং হাতিরঝিলের মধুবাগসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। পশ্চিম পান্থপথের শেখ রাসেল স্কয়ার এলাকাতেও জলাবদ্ধতা তৈরি হয়।
শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে যানবাহন তুলনামূলক কম থাকায় ভোগান্তি কিছুটা সীমিত ছিল। তবে সকাল ৮টার পরও অনেক এলাকায় পানি জমে থাকতে দেখা যায়, যা পথচারী ও কর্মজীবী মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
জিগাতলা থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে যাওয়ার পথে এক যাত্রী জানান, রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে যাওয়ায় পা তুলে বসতে হয়েছে। এরপরও চলার সময় ছিটকে আসা পানিতে ভিজে যেতে হয়েছে বলে তিনি জানান।
আবহাওয়া অধিদপ্তর আগেই দেশের ছয় বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা। এসব অঞ্চলের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হওয়ায় দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কিছুটা কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এদিকে, গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬০ মিলিমিটার। এর আগের দিন পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
আরও পড়ুন:








